ট্রফি জয়ের শপথ রোনালদিনহোর



মেক্সিকোতে ফুটবল ক্যারিয়ারের দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসেবে নতুন ক্লাব কুয়েরেতারোকে একাধিক শিরোপা পাইয়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাজিলীয় ফুটবল তারকা রোনালদিনহো। ক্লাবটিতে নীল ও কালো স্ট্রাইপে নিজের নাম ও নম্বর সম্বলিত জার্সি গ্রহণ অনুষ্ঠানে দুইবারের বিশ্ব সেরার খেতাব পাওয়া এই ফুটবল তারকা বলেন, ‘মেক্সিকোতে আমি কিছু অর্জন করতে চাই। এ জন্যই আমি এসেছি।’
বিলম্বে ওয়ের্ক পার্মিট পাওয়া এই সাবেক বার্সেলোনা তারকা শুক্রবার সকালে মেক্সিকো পৌঁছান। ওই দিনেই পুয়েবলার বিপক্ষে একটি লীগ ম্যাচের প্রথমার্ধ শেষে তাকে সমর্থকদের সামনে উপস্থাপন করা হয়। ক্লাবের নতুন তারকা হিসেবে ৩৪ বছর বয়সী ওই ফুটবলারের যোগ দেবার খবর ছড়িয়ে পড়লে পরিপূর্ণ হয়ে যায় ৩৮ হাজার আসনের স্টেডিয়ামটি। যদিও ম্যাচে তিনি অংশ নিতে পারেননি।
২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জয়ী রোনারদিনহো আকষ্মিকভাবে মেক্সিকোতে পাড়ি জমালে বিষ্মিত হয় ফুটবল বিশ্ব। যদিও অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে গত জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হবার পর বড় কোন ক্লাব থেকে প্রস্তাব পাননি এই তারকা। শেষ মেশ ২ বছরের চুক্তিতে মেক্সিকোর ক্লাবে যোগ দেন তিনি।