পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি ব্যস্ত সড়কে শনিবার বোমা বিস্ফারণে এক আধা-সামরিক সৈন্যসহ তিনজন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। বেলুচিস্তান প্রদেশের কোয়েটা নগরীর এক জনাকীর্ণ সড়কের পাশে পার্ক করা একটি গাড়িতে বোমাটি পাতা ছিল। ওই এলাকায় টহলরত আধা-সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বোমাটি পেতে রাখা হয় বলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধারণা করছেন।
কোয়েটা পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সীমান্ত রক্ষীদের একটি গাড়ি ব্যস্ত সড়কের কাছাকাছি আসার পরপরই রিমোট নিয়ন্ত্রিত ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন, বিস্ফোরণে এক আধা-সামরিক সৈন্যসহ ৩ জন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই শ্রমিক।
বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের এক সদস্য জানান, বোমাটি তৈরি করতে কমপক্ষে ৪০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে বালুচ বিচ্ছিন্নতাবাদীরা এ এলাকায় সক্রিয় রয়েছে এবং তারা প্রায়ই সরকারি বাহিনী ও স্থাপনার ওপর হামলা চালায়।