১০ দিনেও উদ্ধার হননি রমনায় অপহূত সরকারি কর্মচারী

 
 
 
 
রাজধানীর রমনার পিডব্লিউডির কোয়ার্টার থেকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রী ও দুই সন্তানের সামনে থেকে বিল্লাল হোসেন (৩৬) নামে এক সরকারি কর্মচারীকে অপহূত হয়েছেন। তিনি বান্দরবনের রুমায় থানা নির্বাচন কমিশন অফিসের এমএলএসএস। গত ২ সেপ্টেম্বর অপহরণ হওয়ার পর এখনও উদ্ধার হয়নি। এ ঘটনায় বিল্লাল হোসেনের বড় ভাই হাইকোর্ট বিভাগের দপ্তরি দুলাল হোসেন বাদী হয়ে রমনা থানায় ৯ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেছেন।
থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, বিল্লাল হোসেন তার স্ত্রী বেবী আক্তার, দুই সন্তান নিরব (৬) ও নিবিড় (২) কে নিয়ে রমনা থানার সামনে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারের নজরুল মিয়ার বাসায় সাবলেট থাকতেন। গত ২ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪ টার দিকে আনোয়ার হোসেন, রাসেল জমাদ্দার, সিরাজ, চন্দনসহ ৮-৯ জন তাদের ঘরে প্রবেশ করে। এ
সময় বেবী আক্তার তাদের পরিচয় জানতে চাইলে একজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। ঐ বাসায় কিভাবে প্রবেশ করলো তা জানতে চাইলে মালিক নজরুল ও তার ছেলে আবুল কালাম কোন সদুত্তর দিতে পারেনি। তাদের সামনে বিল্লালকে টেনে হিঁচড়ে কোয়ার্টারের সামনে রাখা একটি মাইক্রোবাস উঠিয়ে নিয়ে চলে যায়।
এ ব্যাপারে বিল্লাল হোসেনের বড় ভাই দুলাল হোসেন জানান, অপহরণের ১০ দিন পরও তার ভাইকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বিষয়টি তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির যুগ্ন কমিশনার মনিরুল ইসলামের কাছে অভিযোগ দিয়েছেন। এ ছাড়া আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের অফিসেও তার ভাইকে উদ্ধারের জন্য লিখিত আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, বিল্লাল হোসেনের সঙ্গে কয়েকজন ব্যক্তির আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ধারণা করা হচ্ছে, তারই পরিচিতরাই তাকে অপহরণ করেছে। তবে অপহূত ব্যক্তি উদ্ধারের জন্য তদন্ত কাজ চলছে।
 
ইঅ/চৌফে/শ২৫৫