গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা—
কাশিয়ানীতে বাস চাপায় বৃৃদ্ধের মৃত্যু:
গোপালগঞ্জের কাশিয়ানীতে শনিবার সকালে বাস চাপায় আকমল মুন্সী (৮০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
দোহারে অটোবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু:
ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা ব্রিজ এলাকায় শনিবার সকালে ব্যাটারিচালিত অটো বাইকের থাক্কায় নূর জাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পায়ে হেটে চর লটাখোলা ব্রিজ এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
বাসাইলে প্রতিবন্ধীর মৃত্যু:
টাঙ্গাইলের বাসাইল-সখীপুর সড়কের কুমারজানী এলাকায় শনিবার সকালে মোটর সাইকেল চাপায় আবাপতি সরকার (৭০) নামে এক মানসিক প্রতিবন্ধী মারা গেছেন। বাসাইল থেকে একটি মোটরসাইকেল সখীপুর যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আবাপতি সরকারকে চাপা দেয়। এতে ঘটানস্থলেই তার মৃত্যু হয়। আবাপতি সরকার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।
সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যু:
সিরাজগঞ্জের সয়দাবাদে শনিবার সকালে ট্রাক চাপায় মনিরুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
মদনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু:
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় আহত মদন পৌরসভায় কর্মরত লাইসেন্স পরিদর্শক মাহবুব আলম শনিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। গত শুক্রবার অটোরিকশার ধাক্কায় আহত হলে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকা ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
দুপচাঁচিয়ায় বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু:
বগুড়ার দুপচাঁচিয়ায় তাল কুড়াতে গিয়ে শনিবার ভোরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আলেফবর আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তালোড়া ইউপি সদস্য শফিউদ্দিন খোলা তার দিয়ে অবৈধ সংযোগ নিয়ে শুক্রবার রাতে শ্যালো মেশিন চালিয়ে পুকুরের পানি সেচার কাজ করছিলেন। ঘটনার দিন ভোরে আলেফবর আলী তাল কুড়ানোর জন্য ওই পুকুর পাড়ে গেলে খোলা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
লোহাগাড়ায় হাতির আক্রমণে একজনের মৃত্যু:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পতুয়া ফরিয়াদিরকুল এলাকায় শনিবার সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে আলী আকবর (৪০) নামে এক কৃষক মারা গেছেন। কাজ শেষে মাঠ থেকে ফেরার পথে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি মারা যান।
ইঅ/চৌফে/শ৩৪০