শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি জনস্বার্থবিরোধী বলে দাবি করে তা রুখে দিতে জনগণের প্রতি আহ্বানও জানানো হয়। সেই সঙ্গে সুন্দরবন সংলগ্ন রামপালে ভারতের সহযোগিতায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে আহ্বান জানিয়েছে তেল-গ্যাস রক্ষা কমিটি। ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত না নিতেও সরকারকে আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনটি। তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “তারা (সরকার) জনগণের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করছে, দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। দলমত নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান জানাই... এদের প্রতিরোধ করতে হবে।” এ লক্ষ্যে দেশজুড়ে কর্মসূচি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আনু মুহাম্মদ বলেন, “বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে সঠিক পরিকল্পনা করলে রামপাল বিদ্যুৎকেন্দ্র করতে হবে না এবং পরিবেশ দূষণ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলারও প্রয়োজন হবে না।” সমাবেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহসহ বামপন্থী বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।