মাগুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শুক্রবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলায় বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে পঙ্কজ বসু (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পঙ্কজ বসু বিনোদপুর বাজার থেকে হেঁটে নারায়ণপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছার পর পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাঁকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। রাতে ফরিদপুরের কাছে পৌঁছানোর পর পঙ্কজ মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে পঙ্কজ বসুর সঙ্গে গ্রামের কয়েকটি পরিবারের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যার পর গ্রামে একটি বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় বিনোদপুর বাজার থেকে পঙ্কজ বাড়ি ফিরছিলেন।
গতকাল বিকেলে মাগুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন রায় বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।