শুক্রবার রাতে নরসিংদীর রায়পুরা উপজেলার রহিমাবাদ গ্রামে সুভাষ চন্দ্র সাহা (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রচণ্ড গরমের কারণে নিজের বাড়ির কাছে রহিমাবাদ বাজারের পাশের পুকুর ঘাটে বসেছিলেন সুভাষ সাহা। রাত নয়টার দিকে একই গ্রামের বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত দুজন ব্যক্তি সুভাষ সাহার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা সুভাষকে রড দিয়ে পেটায়। একপর্যায়ে তারা সুভাষকে ছুরিকাঘাত করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুরি সুভাষের হাতে লাগে। সুভাষের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে সুভাষকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুভাষের ছোট ভাই প্রীতি রঞ্জন সাহা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি।’ রায়পুরা থানার ওসি কাজী মিজানুর রহমান বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে চেষ্টা চালাচ্ছে।