সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে মাদকাসক্ত স্বামী তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের নাম রাফিজা খাতুন (৩৫)। রবিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকল ইসলামপুরে এ ঘটনা ঘটে। নিহতের লাশ তড়িঘড়ি করে মাটি দেয়ার সময় পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী খোকন বাবুর্চিকে আটক করেছে।
নিহতের বোন কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি গ্রামের গোলাম সরদারের স্ত্রী সাজিদা খাতুন জানান, তার বোনের সাথে বাঁকাল ইসলামপুর এলাকার খোকন বাবুর্চির ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তার ভগ্নিপতি যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করতেন। আজ ভোরে তার বোনকে তার স্বামী খোকন পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করতে তার গলায় রশি দিয়ে গাছে ঝুলিয়ে দেয়। এরপর লাশ তড়িঘড়ি করে কবর দেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের গায়ে পিটিয়ে ও গলায় দড়ি দেয়ার চিহ্ন দেখতে পায়।
নিহতের বোন আরও জানান, তার বোনের ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়া তার বোন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তিনি আরো জানান, এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।