কটিয়াদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রনি (২০) নামে এক চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার উত্তর গোমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রনি দেথুইর গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
জানা গেছে, শনিবার গভীর রাতে ৪/৫ জন মিলে রনির সিএনজি চালিত অটোরিকশা উঠে। পরে গোমরদিয়া এলাকায় গেলে তারা তাকে ছুরি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করে। তার লাশটি একটি পুকুরের পাশে ফেলে চলে যায় দুর্বত্তরা। অটোরিকশাটির জন্যই রনিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এদিকে, এ ঘটনায় আজ সকালে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আনোয়ারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কটিয়াদী থানার ওসি হেদায়েতুল ইসলাম জানান, রবিবার সকালে উত্তর গোমরদিয়া এলাকায় একটি পুকুরের পাশে রনির লাশ পড়ে থাকে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা করা হয়েছে।