ট্রেনে অগ্নি সংযোগ, ভাঙচুর, লুটপাট ও সরকারি কাজে বাধাদানের ঘটনায় দায়ের করা মামলা সিরাজগঞ্জে বিএনপির আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমানের আদালতে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কাইয়ুম হোসেন, সোনাতন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, ছাত্রদল নেতা রাজিব, সবুজ, রাশেদ, বাচ্চু মিয়া ও ছাত্রদল নেতা সবুজ হোসেন।
উল্লেখ্য, ২০১০ সালে কেন্দ্রীয় ছাত্রদল আয়োজিত সিরাজগঞ্জের সয়দাবাদে মুলিবাড়ি রেলক্রসিংয়ের পাশে ছাত্র গণজামায়াতের আয়োজন করে। এই সমাবেশ চলাকালে ট্রেনে কাটা পড়ে বিএনপির সাত কর্মী নিহত হয়। এসময় বিুব্ধ নেতাকর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালায়। এ ঘটনায় সৈয়দপুর জেলার পার্বতীপুর জিআরপি থানার এস. আই গোলাম তৌহিদ বাদি হয়ে বিএনপির সাত নেতাকর্মীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।
অন্যদিকে, সরকারি কাজে বাধাদান ও হামলার ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল নেতা সবুজ হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে।