ফরিদপুরের সালথায় আব্দুল আলিম খান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে বিলের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলিম একই গ্রামের গোলজার খানের ছেলে।
নিহতের পিতা গোলজার খানের অভিযোগ, এক বছর আগে একই গ্রামের মজিবর শেখ ও তার ভাই হবিবার শেখ আলিমকে মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে। এরপর মাঝে মাঝেই আলিমকে হত্যার হুমকি দিত। শনিবার সকালে আলিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে দবির নামে এক ব্যক্তি বিলের মধ্যে মাছ মারতে গিয়ে আলিমের লাশ ভাসতে দেখে খবর দেয়।
অভিযোগ অস্বীকার করে মজিবর শেখ বলেন, আলিম অসুস্থ ছিল। বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়। এক বছর আগে গোলজার খানসহ কয়েক জন আমার ছেলেকে হত্যা করে। সেই হত্যা মামলার আসামিও গোলজার। আমাদের ফাঁসানের জন্য মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
আটঘর ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া বলেন, কি ভাবে মারা গেছে তা আমি সঠিক ভাবে বলতে পারবো না। তবে এর আগে মজিবরের ছেলের লাশ স্থানীয় একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোলজার খানসহ কয়েক জনে বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে আলিম ধারণা করা হচ্ছে বিলের পানিতে ডুবে মারা গেছে।