কুষ্টিয়ার দৌলতপুরে যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ঘোড়ামারা স্কুল পাড়ার মতিয়ার রহমানের স্ত্রী মিতা আক্তারকে (২২) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। বিষয়টি ধামাচাপা দেবার জন্য মিতার লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়।
নিহত গৃহবধুর পিতা মক্কেল আলী জানান, বিয়ের সময় ৭০ হাজার টাকা যৌতুক দেবার কথা ছিল। সে সময় ৪০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু অভাবের কারণে বাকি টাকা না দিতে পারায় তার মেয়েকে তারা প্রতিনিয়ত নির্যাতন করে আসছিল। আজ সকালে তারা মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক হক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।