রাজধানীতেও কম নারী ভোটার

 
চলমান হালানাগাদে দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও নারী ভোটার কম অন্তর্ভূক্ত হয়েছে।  ঢাকার দুই সিটি করপোরেশন উত্তর ও দক্ষিনের ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৪৬টিতে পুরুষের চেয়ে নারী ভোটারের তথ্য বেশি সংগ্রহ করা হয়েছে। তবে সব মিলিয়ে পুরুষ ভোটারের তথ্য বেশি সংগৃহিত হয়েছে। রবিবার ঢাকার বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ভোটার হালনাগাদ শুরুর আগের দিন ইসি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিউদ্দীন আহমদ নারী ভোটার কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি তিনটি কারণ উদঘাটনের কথা জানিয়ে বিশেষ উদ্যোগ নেয়ার কথা জানান। কিন্তু রাজধানীর হালনাগাদ শেষে দেখা গেছে ইসির ওই বিশেষ উদ্যোগও কাজে আসেনি। দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজধানীতেও নারী ভোটার কম অন্তর্ভূক্ত হয়েছে।
ইসি সচিবালয় থেকে জানান হয়েছে, ঢাকার উত্তর সিটির ৩৬টি ও ঢাকা দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ড এবং ১৭টি সার্কেল ইউনিয়নে মোট ২ লাখ ৪৬ হাজার ৩৪৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঢাকার দুই সিটিতে নতুন ভোটার সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ৮৬৮। এর বাইরে বাড়িতে অনুপস্থিত ভোটারযোগ্য আরো ১৭ হাজার ৭৭১  জনেরও তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও আগের দিন শুধু ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন ভোটারের সংখ্যা ১ লাখ ৬০ হাজার বলে জানিয়েছিলেন মিহির সারোয়ার মোর্শেদ।
ইসি সচিবালয় আরো জানিয়েছে, বর্তমানে ঢাকা উত্তর সিটির ভোটার সংখ্যা ২২ লাখ ৮৮ হাজার ৩৮৭ এবং দক্ষিণ সিটির ভোটার সংখ্যা ১৮ লাখ ৭ হাজার ২৮৫ জন। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল ২০১২ সালে। ইসির হিসাব অনুযায়ী ভোটার সংখ্যা ৫ শতাংশ হারে বাড়ার কথা। সেই হিসেবে ঢাকার দুই সিটিতে ভোটার বাড়ার কথা ২ লাখ ৭ হাজার ৯০৫ জন।