আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচারকদের অভিশংসনের ক্ষেত্রে সকল পক্ষ যাতে সমান সুযোগ পায় আইনের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, অভিযুক্ত বিচারককে আ্ত্তপক্ষ সমর্থনের সুযোগ দেয়াসহ সংশ্লিষ্ট সব বিষয় আইনে অন্তর্ভূক্ত থাকবে।
রবিবার ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের জুডিসিয়াল কর্মকর্তাদের ১২৪তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কেবল ‘অসদাচরণ’ ও ‘অসামর্থ্যে’র কারণেই বিচারকগণ অভিশংসনের সম্মুখীন হবেন, অন্য কোনো কারণে নয়। সংসদের অভিশংসন ক্ষমতায় বিচারকদের স্বাধীনতা মোটেই প্রভাবিত হবে না উল্লেখ করে তিনি বলেন এ ব্যবস্থায় বরং তাদের সম্মান ও স্বাধীনতা সুনিশ্চিত হবে। অভিশংসনের যাতে অবব্যহার না হয় সেজন্য আইনে অসদাচরণ ও অসামর্থ্যের সংজ্ঞা স্পষ্ট করে নির্দিষ্ট করা হবে বলেও মন্ত্রী জানান।
সংবিধান ও আইন অনুযায়ী প্রত্যেক বিচারকই স্বাধীন মন্তব্য করে আইনমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মামলার প্রতিটি পর্যায়ে বিচারকগণ সততা, দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার সাথে আইনানুগভাবে দায়িত্ব পালন করলে জনগণের প্রত্যাশিত স্বল্পসময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং বিচার বিভাগের প্রতি সাধারণ জনগণের আস্থা বহুলাংশে বৃদ্ধি পাবে।