নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন কাল

নারায়নগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের আসামী নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ ১ সেপ্টেম্বর অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থতার কারণে নূর হোসেন আদালতে হাজির হতে না পারায় ওই দিন অভিযোগ গঠন হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতের একটি আদালতে নূর হোসেন ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে আগামীকাল সোমবার অভিযোগ গঠন হতে পারে।

ভারতে বেআইনি অনুপ্রবেশের দায়ে গত ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন এবং তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করে। নূর হোসেন ও অন্য দুজন কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে আছেন। আগামীকাল অভিযোগ গঠনের শুনানির জন্য তাঁদের সেখান থেকে বারাসাতে নেওয়া হবে।

গত ১৮ আগস্ট বারাসাতের জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেনের সঙ্গী খান সুমনের জামিন মঞ্জুর করলেও এখনো তিনি কারাগার থেকে মুক্তি পাননি। জামিনের কিছু কাগজপত্র এখনো আদালতে জমা দিতে না পারায় খান সুমনকে কারাগার থেকে বের করা যায়নি বলে জানা গেছে।