‘ইসলামিক স্টেট’ নাম ব্যবহার না করতে অনুরোধ

সিরিয়া ও ইরাকের অনেক এলাকা নিয়ন্ত্রণে নেওয়া সুন্নি ইসলামপন্থী সংগঠনটি নাম পরিবর্তনের পর এখন ইসলামিক স্টেট (আইএস) বলে নিজেদের পরিচয় দিচ্ছে। সক্রিয় এই সংগঠনটিকে বোঝাতে ‘ইসলামিক স্টেট’ শব্দ দুটির ব্যবহার না করতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের মুসলিম ধর্মীয় নেতারা। তাঁদের মতে, এই নামটি উচ্চারণের মাধ্যমে আসলে একটি সন্ত্রাসী সংগঠনকে বৈধতা দেওয়া হয়।

ব্রিটিশ মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটি জোটের নেতারা প্রধানমন্ত্রী ক্যামেরনকে লেখা চিঠিতে বলেছেন, ইসলামিক স্টেট নামটি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার পাশাপাশি ইসলামি বিশ্বাসকে কলঙ্কিত করা হচ্ছে।
যুক্তরাজ্যের ইসলামিক সোসাইটির প্রধান সুঘরা আহমেদ, অ্যাসোসিয়েশন অব ব্রিটিশ মুসলিমসের নেতা মোহাম্মদ আব্বাসি, অ্যাসোসিয়েশন অব মুসলিম ল ইয়ার্সের প্রধান আমজাদ মালিক কিউসি প্রমুখ নেতা চিঠিতে স্বীকার করেন, সংগঠনটির বিষময় তৎপরতা থেকে তরুণদের বিরত রাখতে মুসলিমদের আরও বেশি কিছু করার আছে। তাঁরা বিশ্বাস করেন, সংগঠনটি ইসলামি তো নয়ই, কোনো রাষ্ট্রও নয়।
(গার্ডিয়ান)