মগবাজারে তিন খুনের আসামি কালা বাবু ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর মগবাজারের তিন খুনের প্রধান আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

জানা গেছে, সোমবার ভোরে মগবাজার ওয়্যারলেসগেট রেলক্রসিংয়ে গোয়েন্দা পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক যুবক গুলিতে আহত হন। ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে আরো দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মগবাজারে ত্রিপল মার্ডারের প্রধান আসামি কালা বাবুকে আটকের জন্য রাত তিনটার দিকে ডিবির একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় কালা বাবুর সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লেও পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে কালা বাবু নিহত হন।