আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তোবা গ্রুপের ৫টি কারখানার দেড় হাজার শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। গতকাল মোশরেফা মিশুর নেতৃত্বে শ্রমিক সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেন। এর আগে প্রেসক্লাবের সামনে তারা শ্রমিক সমাবেশ করেন।
সমাবেশে মোশরেফা মিশু বলেন, কারখানার মালিক দেলোয়ার হোসেন কারখানা বন্ধের যে নোটিস দিয়েছেন সেটিকে সরকারও অবৈধ আখ্যা দিয়েছে। ফলে ৫টি কারখানার শ্রমিকদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন ও দুই ঈদের বোনাস দিতে হবে। অন্যথায় আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গত রোজার ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে তোবা’র শ্রমিকরা আন্দোলন গড়ে তোলেন। এর পর অনশনে গিয়ে তাদের তিন মাসের বকেয়া বেতন আদায় করতে হয়। ওই সময় ১৫টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি গড়ে তোলা হয়। মোশরেফা মিশু ওই কমিটির সমন্বয়ক।
গতকাল মোশরেফা মিশু ইত্তেফাককে বলেন, আমরা শ্রম প্রতিমন্ত্রীকে আমাদের দাবি জানিয়েছি। ২৫ তারিখের মধ্যে তোবা’র শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।
এর পাশাপাশি কারখানাও দ্রুত খুলে দেয়ার দাবি জানিয়েছি।
স্মারকলিপির বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, শ্রমিকদের পাওনা আদায়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তবে আইনি পদক্ষেপ গ্রহণ করা মানে হচ্ছে মামলা করা। যেহেতু এটি সিভিল মামলা তাই নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগবে। ফলে শ্রমিকদের পাওনা আদায়ে অনিশ্চয়তা দেখা দেবে।
তিনি বলেন, আমি তোবার মালিককে বলেছি, যেভাবেই হোক শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। টাকা কীভাবে যোগাড় করবেন, সেটা তার বিষয়। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকরা যাতে যথাসময়ে বেতন ও বোনাস পান সেটি নিশ্চিত করতে ২১ সেপ্টেম্বর পোশাক শিল্পের মালিকদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।