পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চারদিনের সফরে আগামী ১৮ সেপ্টেম্বর ভারত যাচ্ছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে তিনি এই সফরে যাবেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। খবর: বাসসের।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি ভারতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সাথে এই সফরকালে সাক্ষাৎ করবেন।