পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে: ড. মিজানুর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, মনে হচ্ছে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে।
দুর্বৃত্তদের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহকে সোমবার রাজধানীর একটি হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুযায়ী থানাকে ব্যবস্থা নিতে বললেও তাতে কাজ হচ্ছে না।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি পুলিশ বাহিনীকে যথাযথ নির্দেশ দিন, যাতে মানুষের অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।
মাহবুব উল্লাহর ওপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, তিনি (মাহবুব উল্লাহ) একজন স্বল্প ও শিষ্টভাষী মানুষ। সুপ্রিম কোর্টের মতো পবিত্র জায়গায় তার ওপর এমন নগ্ন হামলা হয়েছে। তার ওপর হামলার অর্থ হলো এখন কোনো বুদ্ধিজীবী আর নিরাপদ নন।
চিকিৎসাধীন মাহবুব উল্লাহ বলেন, আমি সরাসরি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমার কোন বক্তব্যে বা কাজে তারা (হামলাকারীরা) ক্ষতিগ্রস্ত হয়েছে, তাও জানি না। আমার দুশ্চিন্তা হচ্ছে এ ধরনের ঘটনা কী ঘটতেই থাকবে?
গত শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বের হওয়ার পর মাহবুব উল্লাহর ওপর হামলা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। তিনি এখন রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।