বেগমগঞ্জ একলাশপুর বাজারের ডেকোরেটর ব্যবসায়ী ইকবাল হোসেন সেন্টুকে (২০) হত্যার অভিযোগে দুই ভাইসহ একই বাড়ির ৭ জনকে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদ- দিয়েছে আদালত।
সোমবার নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার আদালত এ কারাদ-ের রায় প্রদান করেন। আসামিরা হলেন- মধ্যম একলাশপুর গ্রামের ফয়েজউদ্দিন পাটোয়ারী বাড়ির ওমর ফারুক, মো. শওকত আলী, নাসরুল্লাহ ওরপে ইকবাল হোসেন নেহান, ইয়াসিন আরাফাত, মো. ইদ্রিস ওরপে রবি, আবু বকর ছিদ্দিক ও জামাল হোসেন। এদের মধ্যে দুই ভাই ইয়াসিন আরাফাত, রবি এবং আবু বকর সিদ্দিক পলাতক রয়েছেন। একই সাথে আদালত এ পলাতক ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৫ জুন রাতে আসামিরা ব্যবসায়ী সেন্টুকে বেঁধে মারধর করলে পরদিন সকালে তিনি মারা যান। এঘটনায় নিহতের মা রৌশন আরা আক্তার বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালীন অবস্থায় মো. বাবুল মিয়া মারা যান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এটিএম মহিব উল্ল্যাহ ও আসামির পক্ষে অ্যাডভোকেট একেএম শামছুল ইসলাম।