গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নানী-নাতনীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর মাদারপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃতরা হলেন, ঐ গ্রামের মহির উদ্দীনের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) এবং তার মেয়ে মৌসুমী আকতারের শিশুকন্যা রুবি আকতার (৩)।
শাখাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল পরিবারের বরাত দিয়ে জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে তাদের বাড়ির রান্না ঘরের মাটির দেওয়ালটি নরম হয়ে পড়েছিল। এ অবস্থায় সোমবার দুপুরে ঐ ঘরে মনোয়ারা বেগম রান্নার করছিলেন। এ সময় নাতনী রুবী আকতার তার সাথে ছিল। হঠাত্ তাদের উপর মাটির দেয়াল ভেঙে পরে। এতে ঘটনাস্থলেই নাতনী-নানী দুইজনেই মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনিয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।