জয়টা যেন সোনার হরিণ হয়ে গিয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। বিপদ দেখে তড়িঘড়ি করে ব্রিটিশ রেকর্ড ভেঙে আর্জেন্টাইন তারকা উইঙ্গার ডি মারিয়া দলে টানলেন ফন গালের দলটি। তাদের সেই প্রত্যাশা ভালোভাবেই পূরণ করেছেন রিয়াল মাদ্রিদ থেকে আসা এই তারকা। শুধু জয়ই নয় মারিয়ার জাদুতে গোল উৎসব করল লুইস ফন গালের শিষ্যরা।
IMG0
রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে কিউপিআরকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানইউ। ম্যাচে ডি মারিয়া নিজে একটি গোল করলেও করিয়েছেন একাধিক। খেলার ২৩ মিনিটের মাথায় ফ্রিক কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। এই ক্লাবের পক্ষে এটি তার প্রথম গোল। এর ১৩ মিনিট পরেই ব্যবধান দ্বিগুন করেন এররেরা। এই গোলেও বড় ভূমিকা রাখেন ডি মারিয়া।
IMG1
৪৩তম মিনিটে গোলের দেখা পান রুনি। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে ব্যর্থ হন কিউপিআর গোলরক্ষক। ৫৭ মিনিটের মাথায় দলের পক্ষে চতুর্থ গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড মাতা। রাদামেল ফালকাওকে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছিলেন ফন গাল। তবে গোলের দেখা পাননি কলম্বিয়ার এই তারকা স্ট্রাইকার।