মামুনুলদের স্বপ্নপূরণ

 
 
বাংলাদেশ যুব ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলামের ৮৩ মিনিটের গোলটা আনন্দে ভাসিয়ে দিলো। গোল করেই দৌড়ে এসে মামুনুল জড়িয়ে ধরলেন কোচ লোডউইক ডি ক্রুইফকে। গোল ঠোকানোর ম্যাচে একটা সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তানকে  হারিয়ে দিলো বাংলাদেশ। কথা রাখলেন খেলোয়াড়রা। কেননা দেশ থেকে রওনা দেয়ার আগে মামুনুলরা আফগানিস্তানকে হারানোর অভিপ্রায়ের কথা জানিয়েছিলেন।
যদিও গোলটির পর অবশিষ্ট সময় উত্কণ্ঠায় ছিল দল। কারণ বাংলাদেশ দল আন্তর্জাতিক ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে। এমন উদাহরণ ভুড়িভুড়ি। গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে গোল করেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। বাঁশি বাজার আগেই গোল হজম। সেই ভয় এবারও ছিল বাংলাদেশ শিবিরে। ভাগ্য ভালো এবার তা দেখতে হয়নি।
খেলার শেষ সাত মিনিটের সাথে যোগ হয়েছিল অতিরিক্ত চার মিনিট। ১১ মিনিট ইনচিয়নে শাসরুদ্ধকর পরিস্থিতিতে কেটেছে বাংলাদেশের। আফগানিস্তানের আক্রমণের তোড়ে বাংলাদেশের ফুটবলার রায়হান হাসান, ইসিন খান, ইয়ামিন আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, হেমন্ত  ভিনসেন্ট, তপু বর্মনরা দিশেহারা ছিলেন। যে কোনো মুহূর্তে বল বাংলাদেশের জালে জড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল। সব সামাল দিয়ে ম্যাচ জয় করে নীরব স্টেডিয়ামকে সরব করে দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।
আফগানিস্তান তো হতবাক। তাদের ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। ওরা কোচের সাথে কথা বলেছে। বাহবা জানিয়েছে। আর বাংলাদেশের কোচ ক্রুইফ সব কৃতিত্ব দিয়েছেন তার খেলোয়াড়দের। আফগান ফুটবল দলের সাত আট জন ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলছেন। সাফে চ্যাম্পিয়ন দলে খেলেছেন এমন তিন ফুটবলার নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল দলটি। উজবেকিস্তানের পর ‘বি’ গ্রুপে আফগানিস্তানকে ধরা হয় শক্তিশালী দল। হংকং ছাড়াও বাংলাদেশ ছিল ‘আন্ডার ডগ’। সেই দলটা কাল ইনচিয়নে ফুটবল আলোচনায় উঠে এসেছে।  এশিয়ান গেমস ফুটবলে ক্রুইফকে কেউ আমলে নেয়নি। কাল সে চিত্র বদলে গেছে। গেমস ভিলেজে ক্রুইফ হয়ে গেলেন আলাদা করে দেখার একজন মানুষ। একই বিল্ডিংয়ে অন্যান্য ফুটবল দল। অধিনায়ক মামুনুল ইসলাম কিন্তু এতে খুব উচ্ছ্বসিত নন। কাল খেলা শেষে বলছিলেন, ‘আমাদের পরিল্পনা ছিল ওদের (আফগানিস্তান) খেলতে না দেয়া। আমরা এটা জানি আফগানিস্তান অনেক বেশি শক্তিশালী। আমরা কাউন্টার অ্যাটাকে খেলেছি।’ অধিনায়ক তার রক্ষণভাগের খেলোয়াড়দের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তারা প্রত্যেকে ভালো খেলেছে বলে ম্যাচটা আমরা কাজে লাগাতে পেরেছি।’ গেমস ফুটবলের বেশ কয়েকদিন আগে কোরিয়ায় আসাটা কাজে লেগেছে বলে জানিয়েছেন মামুনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা মোটিভেটেড ছিলাম। দেশ থেকে কোরিয়া যাওয়ার আগে আফগানিস্তানকে হারানোর কথা বলেছিলাম। সেটা পূরণ হয়েছে আমাদের।’ গত জুনে ক্রুইফ বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন। তার আমলে বাংলাদেশ প্রথমবার নেপালে চ্যালেঞ্জ কাপ ফুটবল খেলতে গিয়ে ২-০ গোলে নেপালকে হারায়। একই বছরের মার্চে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ক্রুইফের দল বাংলাদেশ।  এশিয়ান গেমস ফুটবলে যাওয়ার আগে নেপাল যুব ফুটবল দলের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে ঢাকায় জিতলেও সিলেটে পরাস্ত হয়। উভয় খেলাতেই ব্যবধান ছিল ১-০। এবার কোরিয়ার ইনচিয়নে এসে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতলো বাংলাদেশ দল।
এমন একটা গুরুত্বপূর্ণ জয়ের পর ক্রুইফ বলছেন, ‘আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে যদি আমি আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচটা ৫-০ গোলে হেরে যেতাম সেটা কেউ মানতেন না। আমরা খেলোয়াড়দের সামর্থ্য বুঝে সেটাকে কাজে লাগিয়ে খেলতে চেয়েছি।’ তিনি আরো বলেন, ‘আপনারা দেখুন আফগানিস্তান হচ্ছে ইরানের মতো শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে খেলতে হলে ট্যাকটিক্যাল ফুটবল খেলতে হবে।’
কোচ যেভাবে খেলাতে চেয়েছিলেন খেলোয়াড়রা সেভাবেই খেলেছেন। তবে কোচ এটাও মানছেন এদিনের জয়ে ভাগ্য তাকে সহায়তা করেছে। ম্যাচ জিতে দারুণ খুশি ডাচ কোচ কাল ছিলেন অন্যরকম। সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়া বরাবরের প্রবণতা ক্রুইফের। কাল খেলার পর সেই মানুষটি সংবাদ মাধ্যমের কাছে হয়ে উঠলেন সহজ একজন মানুষ। ড্রেসিং রুমে ঢোকার দরজাটা নিজেই খুলে দিলেন। অধিনায়ক মামুনুল ইসলাম খেলা পরবর্তী সংবাদ সম্মেলনে আসেননি। এসেছিলেন জামাল ভুঁইয়া। তিনি দারুণ খুশি। তবে নিজের নিশ্চিত গোলটা না হওয়ায় মন খারাপ ডেনমার্ক প্রবাসী এই বাঙালি ফুটবলারের,‘আমার গোলটা হলে আরো ভালো হতো। ৬০ ভাগ বেশি খুশি হতে পারতাম।’ কাল ভালো খেলেছেন এই ফুটবলার। দলকে রক্ষা করতে যা করার করেছেন। কিন্তু কোরিয়ার মাঠে ভালো খেলার কারণ সম্পর্কে জামাল ভুঁইয়া বলেন,‘আমি ঠান্ডা আবহাওয়ার দেশে বসবাস করি। যেটা আমার জন্য সুবিধা। কোরিয়ায় সেটা পেয়েছি।’
উজবেকিস্তান হংকং ১-১ ড্র
বাংলাদেশের ম্যাচের পর একই মাঠে অনুষ্ঠিত খেলায় উজবেকিস্তান ও হংকং ১-১ গোলে ড্র করে। উজবেকিস্তান ১-০ গোলে এগিয়ে থাকার ১৫ মিনিট পরই হংকং গোল করে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানের বিরুদ্ধে ১৮ সেপ্টেম্বর। 
বাংলাদেশ ফুটবল দলকে  ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী জয়ের এই ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতেও ভাল ফল অর্জন করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনার জন্য বাংলাদেশ ফুটবল দলের প্রতি আহ্বান জানান। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও দলটিকে অভিনন্দন জানিয়েছেন। -বাসস