রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৪৩ শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। শেষ সময় সোমবার দুপুর ১২টা পর্যন্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে ১ লক্ষ ৬৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯-২৫ অক্টোবর পর্যন্ত।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এ তথ্য জানান।
তিনি আরো জানান, এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ৫০টি বিভাগে ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে ২২ হাজার ৪৫৭, ‘বি’ ইউনিটে ১৮ হাজার ৬০৭, ‘সি’ ইউনিটে ২১ হাজার ৯৫৭, ‘ডি’ ইউনিটে ২৫ হাজার ২৭১, ‘ই’ ইউনিটে ৩০ হাজার ১৬৫টি (সর্বাধিক), ‘এফ’ ইউনিটে ১৬ হাজার ৭৯০, ‘জি’ ইউনিটে ১০ হাজার ৩০৭ এবং ‘এইচ’ ইউনিটে ২০ হাজার ২৮ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। গত ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে গতকাল ১৫ সেপ্টেম্বর দুপুর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে নিবন্ধন করেন।
উল্লেখ্য, এবার রাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৩০ জন এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ৪০টি আসন বৃদ্ধিসহ বেশ কয়েকটি বিভাগে ১০১টি আসন বৃদ্ধি করা হয়েছে। রাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৮টি ইউনিটে ১ লাখ ৬৮ হাজার ২২৪ শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেন।