বুড়িগঙ্গার পাড়ে সাড়ে ৩ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : শাজাহান খান

 
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বুড়িগঙ্গা নদীর দু’পাড়ে এ পর্যন্ত সাড়ে ৩ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  তিনি সোমবার সংসদে সরকারি দলের সুকুমার রঞ্জন ঘোষের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরও বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকা শহরের আশপাশে নদীগুলোর দু’পাড়ে দীর্ঘ দিন ধরে এক শ্রেণীর দখলদার অবৈধ স্থাপনা নির্মাণ করে নদী ভরাট ও নদী দুষণ করে আসছিল। সরকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিকল্পনা অনুযায়ী বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশে নদীর দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, ড্রেজিংয়ের মাধ্যমে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর নাব্যতা ফিরিয়ে এনে একটি নৌ ট্রানজিট রুট চালু করা হয়েছে। 
তিনি বলেন, গত ৫ বছরে ১১টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। এবছরই ৩টি কনভেনশনাল ড্রেজারসহ ৪টি  ড্রেজার, সার্ভে ভেসেল, টাগ বোট, ক্রেইন বোট সংগ্রহ করা হবে। আরও ২০টি ড্রেজার ক্রয়ের জন্য একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বেসরকারি মালিকানাধীন ২০টি ড্রেজার খনন কাজে নিয়োজিত রয়েছে। 
মন্ত্রী বলেন, গত ৫ বছরে প্রায় ১ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিং করে নাব্যতার উন্নয়ন করা হয়েছে। 
সরকারি দলের সদস্য সাবিনা আক্তার তুহিনের অপর একটি সম্পূরক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ সংক্রান্ত আইনের সংশোধনী আনা হয়েছে।