১৭ বা ১৮ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনী পাস হবে : সুরঞ্জিত

 
আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী ১৭ অথবা ১৮ সেপ্টেম্বর সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হবে। 
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, এ সংশোধনী দেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এর ফলে সামরিক ফরমান বলে বিচার বিভাগের যে স্বাধীনতা হরণ করা হয়েছিল তা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সুরঞ্জিত আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে। এতে শেখ হাসিনাও জাতির কাছে প্রশংসিত হবেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়েজ উদ্দিন মিয়া, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি মো. আতিকুর রহমান খোকন ও মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অপসারণের যে বিধান ছিল সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা কেবল ফিরিয়ে আনা হয়েছে। এ সংশোধনীর মাধ্যমে সরকারের তিনটি বিভাগ- আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিচারপতিদের এ অপসারণ প্রক্রিয়া কখনো যেমন গণতান্ত্রিক হতে পারে না- তেমনি এ পদ্ধতি বিচারপতিদের জন্য মর্যাদাকর হতে পারে না। 
সুরঞ্জিত বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হলে দেশের গণতন্ত্র যেমন বিকশিত হবে, তেমনি দেশের বিচার ব্যবস্থাও সুরক্ষিত হবে।
সুরঞ্জিত বলেন, ভাল কাজের বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়। ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে অজ্ঞতাবশত বা উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করা ষড়যন্ত্রেরই নামান্তর।