মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জের পলাশডাঙ্গা যুবশিবিরের ব্যাটালিয়ন কমান্ডার এবং মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী লুৎফর রহমান অরুণ (৬৮) মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি জানান, গাজী লুৎফর রহমান অরুণ দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সন্ধ্যার পর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে শহরের আভিসিনা হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছার আগেই রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি মুক্তিযোদ্ধা সংসদ গলির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।