টেকনাফে পুলিশ-ইয়াবা ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধ’, আটক ৪

 
কক্সবাজারের টেকনাফে পুলিশ-ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল তিন  হাজার ইয়াবা, একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছেমঙ্গলবার ভোরে হোয়াইক্যং এলাকায় এই ঘটনা ঘটে। 
আটককৃতরা হলেন-স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, সাহেদ হোসেন, মোহাম্মদ আকতার ও মো. মহিউদ্দিন।
 পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যাবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ইসমাইলসহ চারজনকে আটক করা হয়। ইসমাইলকে আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের দুই কনস্টেবল বেলাল উদ্দিন ও আজিজুল ইসলাম আহত হয়েছেন। 
ঘটনাস্থল থেকে তিন  হাজার ইয়াবা, একটি এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায়  অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলার পৃথক তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।