জয়পুরহাটে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

 
জয়পুরহাটে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমানিত না হওয়ায় শ্বশুড় আফজাল হোসেনকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত। আজ মঙ্গলবার জয়পুরহাট নারী শিশু দমন ট্রাইবুনাল-২, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৮ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধাড়কী গ্রামের মোকাররম তার স্ত্রী রুলিয়া বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় রুলিয়ার চাচা এনামুল হক বাদী হয়ে ওই দিনই নারী শিশু নির্যাতন দমন আইনের ১৯৯৫ সালের ১০/১ ধারায় মামলা করেন। দীর্ঘ ১৫ বছর ধরে চলমান মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেয়। রুলিয়া জেলার ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
 
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি গোকুল চন্দ্র মন্ডল এবং আসামি পক্ষে ছিলেন এ্যাড. মোস্তাফিজুর রহমান ও এ্যাড. সামসুল।