ভিয়েতনাম যুদ্ধে সাহসিকতাপূর্ণ কাজের প্রতিদানস্বরূপ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার দেওয়া হল দুই সেনা সদস্যকে। স্থাসীয় সময় সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সামরিক পুরস্কার তুলে দেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর বিবিসির।
কমান্ডার সার্জেন্ট মেজর বেনি আদকিন (৮০) এবং বিশেষজ্ঞ ডোনাল্ড স্লোট উভয়েই ভিয়েতনাম যুদ্ধে তাদের সহকর্মীদের রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখেন এ ছাড়া দেশের ডাকে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় তাদের এ পুরস্কার দেওয়া হলো। ১৯৬৬ সালে বেনির বয়স ছিল ২২। তখন শাও উপত্যকায় মার্কিন সেনা শিবিরে আক্রমণ করে উত্তর ভিয়েতনামীয়রা। সে সময় তাদের সাথে ৩৮ ঘণ্টা যুদ্ধ চালিয়ে যান বেনি। এ ছাড়া নিজে আহত হয়েও আহত অন্যান্য সঙ্গী যোদ্ধাদের রক্ষায় শত্রুর মর্টারের শেলের মধ্যেই তাদের নিরাপদ স্থানে নিয়ে যান বেনি। অন্য দিকে ১৯৭০ সালে হক হিল ফায়ার বেইজে ২০ বছর বয়সী ডোনাল্ড বোমার হাত থেকে তার সহযোদ্ধাদের রক্ষার জন্য নিজের গায়ে গ্রেনেড বেঁধে আত্মাহুতি দেন। হোয়াইট হাউসের এ অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করতে উপস্থিত ছিলেন বেনি আদকিন। তবে ডোনাল্ডের পুরস্কারটি তার ভাই নেবেন বলে জানা গেছে।