সুনামগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

 
 
 
সুনামগঞ্জে পিতাকে হত্যার দায়ে মোসলেম উদ্দিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে  সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর সকালে দোয়ারাবাজার উপজেলার বাগান বাড়ি গ্রামের হাসমত আলীর সঙ্গে তার ছেলে মোসলেম উদ্দিনের ক্ষেতে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বেলা ১১টার দিকে মোসলেম ধান ক্ষেতে গিয়ে ধারালো দা দিয়ে হাসমত আলীর ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই হাসমত আলীর মৃত্যু হয়।
পরদিন ৬ সেপ্টেম্বর নিহতের ছোট ছেলে বুরহান উদ্দিন বাদী হয়ে বড় ভাই মোসলেম উদ্দিনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মোসলেম উদ্দিনকে মৃত্যুদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া ও আসামি পক্ষে ছিলেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এম এ আশরাফ।