বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ২০ দলীয় ঐক্য জোট। মঙ্গলবার সকালে এক সমাবেশ থেকে নারায়ণগঞ্জ জেলা ২০ দলীয় ঐক্য জোটের সদস্য সচিব মাওলানা মঈনুদ্দীন আহম্মেদ এই ঘোষণা দেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে হরতাল পালনের ঘোষণা দেয়া হয়।
মাওলানা মঈনুদ্দীন আহম্মেদ বলেন, এ সরকার জোটের শীর্ষ নেতাদের কারাবন্দী করে এক দলীয় শাসন কায়েম করে ক্ষমতায় থাকতে চায়। সে কারণেই তৈমুর আলমকে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। তাই ৪৮ ঘন্টার মধ্যে তৈমুর আলম খন্দকারকে মুক্তি দেয়া না হলে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা নারায়ণগঞ্জে হরতাল পালন করবে ২০ দলীয় জোট। এছাড়াও বুধবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে নগর বিএনপির উদ্যোগে হরতাল সমর্থনে বিক্ষোভ সমাবেশ করা হবে।