স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা

রাবিতে আসন বাড়লেও প্রতিযোগী কমেছে

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি শিক্ষাবর্ষে বিগত শিক্ষাবর্ষের চেয়ে শতাধিক আসন বেড়েছে। প্রাথমিক আবেদনের ফরম পূরণের যোগ্যতা এবং ইউনিট সংখ্যাও একই রাখা হয়েছে। কিন্তু চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন গত বছরের চেয়ে ২ হাজার ৬২৮টি কমেছে। রবিবার রাত ১২টা পর্যন্ত নির্ধারিত ১৭দিন শেষে মোবাইলে এসএমএসের মাধ্যমে ৮টি ইউনিটে মোট ১ লাখ ৬৫ হাজার ৫৯৬ ভর্তিচ্ছু নিবন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর। গত সোমবার রাবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এন্তাজুল হক এসব তথ্য জানান। প্রসঙ্গত, সমান সংখ্যক ইউনিটে গত বছর রাবিতে ১ লাখ ৬৮ হাজার ২২৪ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিল।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার সূত্র মতে, চলতি শিক্ষাবর্ষে রাবিতে ১০১টি আসন বৃদ্ধি করা হয়েছে। এনিয়ে  প্রথম বর্ষে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮টি। গতবছর আসন সংখ্যা ছিল ৩ হাজার ৭২৭টি। এছাড়া চলতি শিক্ষাবর্ষে নতুন দুটি বিভাগ চালু হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৩০ এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে ৪০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া কৃষি অনুষদভুক্ত ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগে ৬টি, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সনেশন বিভাগে ৬টি, এনিমেল হাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগে ৫টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৮টি, ভাষা বিভাগে ৩টি এবং ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, ইনফরমেশন এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগে ১টি করে আসন বাড়ানো হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের ৫০টি বিভাগে ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে এ-ইউনিটে ২২ হাজার ৪৫৭, বি-ইউনিটে ১৮ হাজার ৬০৭, সি-ইউনিটে ২১ হাজার ৯৫৭, ডি-ইউনিটে ২৫ হাজার ২৭১, ই-ইউনিটে ৩০ হাজার ১৬৫টি (সর্বাধিক), এফ-ইউনিটে ১৬ হাজার ৭৯০, জি-ইউনিটে ১০ হাজার ৩০৭ এবং এইচ-ইউনিটে ২০ হাজার ২৮ শিক্ষার্থী নিবন্ধন করেছে। 
সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাথে সামঞ্জস্য রেখে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আবেদন ফরমের যোগ্যতার ক্ষেত্রে মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসটি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫ সহ মোট জিপিএ-৭.৫ করা হয়। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের ক্ষেত্রেও একই যোগ্যতা অর্থাত্ (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৪.০০ সহ মোট জিপিএ-৮.৫ রাখা হয়। এছাড়াও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের জন্যও (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ-৮.০০ রাখা হয়। অন্যসকল ক্ষেত্রে যোগ্যতা একই রাখা হয়। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক বলেন, ঠিক কি কারণে কম শিক্ষার্থী আবেদন করেছে তা এখনো আমরা বিশ্লেষণ করে দেখিনি। উপাচার্য প্রফেষর মুহম্মদ মিজান উদ্দিন বলেন, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগেই ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ায় এমনটি হতে পারে।