এশিয়ান গেমস ক্রিকেট

সোনা জয়ের লক্ষ্য মেয়েদেরও

 
 
১৯ নভেম্বর ২০১০। অনন্য এক হাতছানির সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারাতে পারলেই এশিয়ান গেমসের স্বর্ণ চলে আসবে বাংলাদেশের কাছে। কিন্তু, এক বৃষ্টিতে সব ভেস্তে যায়। তালগোল পাকিয়ে নারী ক্রিকেট দল হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
চার বছর বাদে দুয়ারে আরেকটা এশিয়ান গেমস। লক্ষ্যটাও আগের মতোই আছে। আজ স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের উদ্দেশ্যে যাত্রা করবে মেয়েদের ক্রিকেটের অনূর্ধ্ব ২৩ দল। গতকাল দেশ ছাড়ার আগে লক্ষ্যের কথা জানাতে গিয়ে অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘গতবারও লক্ষ্য ছিল সোনা। কিন্তু ফাইনালে বৃষ্টির জন্য মাঠ ভেজা থাকায় আমাদের সমস্যা হয়ে গিয়েছিল। এবার প্রস্তুতি অনেক ভালো। আবারও সোনা জয়ের জন্যই যাচ্ছি। লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের চেষ্টাই করবো।’
অধিনায়কের সাথে গলা মেলালেন কদিন আগেই এক বছর আগে দলের সাথে যোগ দেয়া কোচ জানাক চাম্পিকা গামাগে। তবে, তার আগের দুটি ম্যাচের দিকেও আলাদা করে নজর দিচ্ছেন তিনি, ‘চেষ্টা করব সোনা জিততে। তবে ফাইনালের আগেও দু’টি খেলা আছে। দুটিতেই ভালো খেলতে হবে। সেমিফাইনালে যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে খেলা, সেটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ হবে।’
আগামী ২৪ ডিসেম্বর প্রথমবারের মত মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে প্রথম পর্ব পেরিয়ে আসা কোন দল। সেই ম্যাচে জয় ধরে নিয়েই বাংলাদেশ সেমিফাইনালের পরিকল্পনা করছে। সেমিতে প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা। সেই ম্যাচকে সামনে রেখে সালমা বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আত্মবিশ্বাসের দিক থেকে তাই আমরাই এগিয়ে থাকবো। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে পাচ্ছি, সেটা ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করি ওদের হারাতে পারব।’
পেসার জাহানারা আলমও জানালেন শ্রীলঙ্কাকে নিয়ে নিজের ভাবনার কথা, ‘সেমিফাইনালে হয়ত শ্রীলঙ্কাকে পাব। ওই ম্যাচটি নিয়ে আপাতত বেশি ভাবনা।’ এবারের এশিয়ান গেমসকে সামনে রেখে বেশ অনেকদিন ধরেই অনুশীলনের মধ্যে আছে মেয়েরা। এর মধ্যে ক’দিন আগেই শেষ হয়েছে মহানগর মহিলা ক্রিকেট লিগ। সব মিলিয়ে প্রস্তুতিটি ভাল হয়েছে বলেই মনে করছেন এই পেসার, ‘প্রায় দেড় মাসের মতো সময় পেয়েছি আমরা, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। সোনা জয়ই আমাদের লক্ষ্য। আশা করছি ভালো খেলতে পারলে সোনা জিততে পারব। পেস বোলার হিসেবে আমি দেখেছি ব্যাটারদের অনেক উন্নতি হয়েছে। সুইং খেলতে পারে এখন, বোলিং মেশিনেও কাজ করেছে অনেক। আশা করি আগের থেকে ব্যাটিং অনেক ভালো হবে।’
সালমাও দলের মধ্যে উন্নতির ছাপ দেখছেন, ‘বরাবরই বোলিং অনেক ভালো থাকে। এবারও ভালো। ব্যাটিং নিয়ে এবার অনেক কাজ করেছি আমরা। চার বছর আগের তুলনায় ব্যাটিং এখন অনেক ভালো। আশাকরি সেই উন্নতি গেমসেও দেখা যাবে।’
মাত্র দু’সপ্তাহ আগেই দলের সাথে যোগ দিয়েছেন লঙ্কান কোচ চাম্পিকা। সময়টা দলকে বোঝার জন্য মোটেই যথেষ্ট নয়। এটাকে সমস্যা হিসেবে মনে করলেও দলকে এশিয়ান গেমসের জন্য প্রস্তুত বলেই ঘোষণা করলেন এই কোচ, ‘দলটা দারুণ। যোগ্যতা অনুযায়ী খেলতে পারলো ভাল ফলাফল আসা সম্ভব। আর আমাদের প্লাস পয়েন্ট হলো দলে অনেক অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার। অনেক বোলারই বোলিং করতে পারে। দলটা তাই অনেক ব্যালান্সড।’