মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘিরে আবার রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকেই মঞ্চের কর্মীরা শাহবাগে জড়ো হতে থাকেন। সন্ধ্যা ছয়টায় শাহবাগ থেকে মঞ্চের কর্মীদের একটি মিছিল টিএসসি ঘুরে আবার শাহবাগ প্রজন্ম চত্বরে এসে সমাবেত হন। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আপিল বিভাগেও সাঈদীর সর্বোচ্চ সাজার রায় বহাল থাকবে- এটাই আমাদের প্রত্যাশা।
ইমরান জানান, শাহবাগের প্রজন্ম চত্বরে মধ্যরাত পর্যন্ত এই অবস্থান চলবে। রায়ের আগে বুধবার সকাল আটটা থেকে আবার শাহবাগে অবস্থান নেবেন মঞ্চের কর্মীরা।
গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনালে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেয়ার পর তার ফাঁসির দাবিতে ছাত্র-জনতার অংশগ্রহণে গড়ে উঠে শাহবাগের এই আন্দোলন। কিন্তু কিছুদিন আগে এই মঞ্চ পরিচালনায় নেতৃবৃন্দের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়।