ঠাকুরগাঁওয়ের আলু ভর্তি ট্রাকটি নিখোঁজের পাঁচদিন পর উদ্ধার হলেও ২৭ দিনেও ওই ট্রাকের ড্রাইভার ও হেলপারের খোঁজ মেলে নি। নিখোঁজদের পরিবারে চলছে কান্নার রোল।
জানা গেছে, ঠাকুরগাওয়ের ব্যবসায়ী আব্দুল কাদেরের হিমাগার থেকে ১৮৭ বস্তা আলু নিয়ে একটি ট্রাক গত ২২ আগস্ট গাজীপুরের একটি আড়তের উদ্দেশ্যে রওনা হয়। পরদিন ট্রাক মালিক গাজীপুরের আড়ৎ মালিক আতিকের সাথে যোগাযোগ করে ট্রাকটি সেখানে পৌছায় নি বলে জানতে পারেন। এরপর গত ২৪ আগস্ট আব্দুল কাদের ঠাকুরগাঁও সদর থানায় জিডি করেন। ২৬ আগস্ট সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিখোঁজ ট্রাকটি উদ্ধার করে এবং মালিককে ফেরত দেয়। কিন্তু ট্রাক চালক আব্দুল ওহাব ও হেলপার হালিম এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ট্রাক চালক আব্দুল ওহাব বাড়ি ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ট্রাক চালক ও হেলপার উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।