জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে বুধবার বিক্ষোভরত গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর কাঁদানে গ্যাস ও গরম পানি ছুড়েছে পুলিশ। এতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
IMG0
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, ইমরানসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল-১। পরে আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় আপিল বিভাগ।
IMG1
রায়ের পরপরই বিক্ষোভে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায়ের বিরোধিতা করে শাহবাগ থেকে মিছিল বের করে তারা। মিছিল শেষে আবার শাহবাগ মোড়ে নেন তারা। এরপর গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর টিয়ার গ্যাস ও গরম পানি ছোড়ে পুলিশ।