‘অসন্তোষ থাকলেও সড়ক আটকে বিক্ষোভ করা যাবে না’

 
 
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আদালতের রায় নিয়ে অসন্তোষ থাকলেও সড়ক আটকে বিক্ষোভ করা যাবে না। আদালতের রায়ের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিৎ।’ গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের পক্ষে যুক্তি দেখিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বুধবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের কর্মীরা। কিন্তু এবার তারা সহযোগিতার পরিবর্তে পুলিশের বাধা মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ কয়েকজন কর্মী আহত হন।
পরে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, একটা রায়ে সবাই সন্তুষ্ট হতে পারে না। তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়েছিল, সেটা পায়নি। তাই বলে তারা গাড়ি-ঘোড়া বন্ধ করে রাস্তা আটকে রাখতে পারে না। আদালতের রায়ের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিৎ।