ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঘোলখার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ওরফে মাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ঐ ছাত্রীর মা বাদি হয়ে আখাউড়া থানায় মামলা দায়েরের পর দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৩ আগস্ট তার মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ইংরেজী বিষয়ের পরীক্ষা শেষে রেখে যাওয়া বাংলা বিষয়ের বই আনতে লাইব্রেরিতে যায়। এ সময় প্রধান শিক্ষক তার মেয়েকে ধরে রেখে যৌন নির্যাতন করে। এরপর ঐ মেয়ে বাড়িতে এসে ঘটনাটি তাকে জানায়। এদিকে এ ঘটনার পর ছাত্রীরা ওই বিদ্যালয়ে আসা-যাওয়া বন্ধ করে দেয়। নির্যাতনের শিকার ছাত্রীর মা ঘটনাটি লিখিত ভাবে পরিচালনা কমিটিকে জানায়। অভিযোগের প্রেক্ষিতে তারা ঐ শিক্ষককে দুই মাস বিদ্যালয়ে আসতে বারণ করেন। কিন্তু কর্তৃপক্ষের এমন বিচারে সন্তুষ্ট হয়নি মেয়েটির পরিবার ও এলাকাবাসী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাম্মাদ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় ওই ছাত্রীর মা আব্দুল আজিজ ওরফে মাজু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।