ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির পালন করে তারা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্বারকলিপিও দিয়েছে।
জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমাগত বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা বিভিন্নভাবে হামলার শিকার হচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর বাংলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য়ের বাস ভবনের সামনে বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়।
স্বারকলিপিতে বলা হয়, এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম, পিচ্চি সুজন এবং শরীফ রাসেল হোসাইনের নিকট থেকে নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ছিনতাই করে এবং আরো টাকা দাবি করে। রাসেল টাকা দিতে অস্বীকৃতি জানালে, তারা তাকে মারধর করে এবং ক্যাম্পাস ছাড়ার হুমকি দেয়। ঐ সন্ত্রসীরা এর আগেও বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী হামলার শিকার হয় বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হক বলেন, ‘শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। পুলিশ প্রশাসনের সহায়তায় খুব দ্রুত আমরা ব্যবস্থা নেব। আমাদের কোন শিক্ষার্থী এসব ঘটনার সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’