মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর আপীলের রায়ে আমৃত্যু কারাদণ্ড প্রদানের প্রতিবাদে বুধবার দুপুরে জামায়াত-শিবিরের নেতাকর্মিরা বগুড়া শহরের সাবগ্রাম, গোদারপাড়া এবং খান্দার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। একই সময়ে জেলার দুপচাঁচিয়া উপজেলায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে ।
সাঈদীর রায় ঘোষণার পর পরই বুধবার বেলা অনুমান সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয় । কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা আবারও মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের ফাঁকা গুলি করার পর পরই বিক্ষোভকারীরা উপজেলা প্রশাসনের আবাসিক এলাকা দিয়ে পালিয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উপজেলা প্রশাসন চত্বরে অবস্থান নেয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ ৭ রাউন্ড ফাঁকা গুলির কথা স্বীকার করে বলেন, কোন অবস্থাতেই পরিস্থিতি অশান্ত হতে দেয়া যাবে না। এর জন্য পুলিশ যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত ।
জানা যায়, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর আপিলের রায়কে ঘিরে নাশকতা ও যে কোন ধরনের বিশৃংখল পরিস্থিতি এড়াতে মঙ্গলবার থেকেই সতর্কবস্থান নেয় পুলিশ ও জেলা প্রশাসন । র্যাব পুলিশের পাশাপাশি শহরে মোতায়েন করা হয় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) । শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মঙ্গলবার রাত থেকেই র্যাব পুলিশের পাশাপাশি টহল দিতে শুরু করেছে বিজিবি।
বগুড়া জেলা প্রশাসনের পক্ষে থেকে এনডিসি আরিফুর রহমান বিজিবি মোতায়েনের নিশ্চিত করেন।
এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার রাতে ইসলামী ছাত্রশিবিরের বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি শাহীন আলম ও ডোমনপুকুর কামিল মাদ্রাসা শাখার সভাপতি মোসাদ্দেক হোসেনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ।
বগুড়া জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) দুই শিবির নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি আরো জানান, সাঈদীর রায়কে ঘিরে জামায়াত শিবির যেন আবার গত বছরের ৩ মার্চের মতো সহিংস হয়ে ওঠতে না পারে সেজন্য জেলা পুলিশ আগাম সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে । জনগণের জানমাল রক্ষায় এবং যে কোন ধরনের নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
উল্লেখ্য, গত বছর সাঈদীর রায় হবার পর ৩ রা মার্চ সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ভোররাতে একযোগে জেলার বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িসহ সরকারি অফিস ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ,অগ্নিসংযোগ করে জামায়াত শিবির কর্মিরা । এত বেশ কয়েকজন প্রাণ হারান।