ছুড়ে ফেলব সংশোধিত সংবিধান: আনোয়ার

 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, সরকার দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা প্রথমে সংবিধানকে ছেঁড়া নেকড়ার মত ছুড়ে ফেলে দিয়েছে। সংবিধানকে সরকার নিজেদের পছন্দমত কেটে কুটে বাক্স বন্দি করেছে। সরকার পরিবর্তন হলে সংশোধিত সংবিধান ছুড়ে ফেলা দেয়া হবে।
বুধবার তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দিগন্ত টেলিভিশন: সাময়িক নিষেধাজ্ঞার ৫০০ দিন!’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহম্মাদ ইবরাহিম বীর প্রতীক, কলামিস্ট ফরহাদ মজহার, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।
এমকে আনোয়ার বলেন, আওয়ামী লীগ সরকার অতীতে বাকশাল কায়েম করেছিল। জনগণ তা ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করেছিল। এবারো তারা বাকশাল কায়েমের দিকে যাচ্ছে। তারা আইন বিভাগ, বিচার বিভাগ, সংবাদ মাধ্যমসহ সকল প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করে দিচ্ছে।