সাতক্ষীরার ভোমরা সীমান্তে তিন শিশুসহ ২২ জনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে চারজন নারী ও ১৫জন পুরুষ রয়েছে। বুধবার দুপুরে পতাকা বৈঠকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় ।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, কাজের সন্ধানে ভারতে যেয়ে দেশে ফেরার সময় তিনজন শিশু, চারজন নারী ও ১৫ জন পুরুষকে আটক করে বিএসএফ। পরে ঘোজাডাঙ্গা বিএসএফ বুধবার দুপুরে ভোমরা জিরো লাইনে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি আরো জানান, ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি, যশোরের মনিরামপুর ও খুলনার কয়রাসহ বিভিন্ন অঞ্চলে। এদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বৈঠকে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ইনস্পেকটর শাহীরাম ও ভোমরা বিজিবির পক্ষে নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।