রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২

 
রাজধানীর উত্তরায় ট্রাক চাপায় আব্দুর রহিম (২১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ দিকে, সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগের মত্স্য ভবন এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী  (৩০) নিহত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার এসআই শাহ আলম মোল্লা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে উত্তরা ৯নং সেক্টরের আইডিয়াল প্রোডাক্টসের সামনে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আব্দুর রহিম। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ট্রাকটিকে থামাতে সিগন্যাল দেন রহিম। কিন্তু ট্রাকটি তাকেও ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন কনস্টেবল রহিম। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।

শাহবাগ থানার এসআই এমরানুল হাসান জানান, মিরপুর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী বিআরটিসির মহিলাদের বহন করা একটি দোতলা বাসের নিচতলার এক যাত্রী জানালা দিয়ে মাথা বের করে বাইরে তাকালে তানজিল পরিবহন নামের একটি বাস ঐ যাত্রীর মাথায় ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে প্রিন্টের শাড়ি ছিল। এ ঘটনায় জড়িত বিআরটিসি ও তানজিল পরিবহনের চালককে আটক করেছে পুলিশ।