গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ওসিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ৯ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় পুলিশ ৬ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডাদেশ দেয়ার ঘটনায় বুধবার সন্ধ্যায় কাপাসিয়ার খিরাটী বাজারে এক বিক্ষোভ মিছিল বের করে। এ সময় থানা পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিতে গেলে জামায়াত কর্মীর সাথে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ, থানার এসআই আফছার আহমেদ, কনস্টেবল আবুল কালাম, আনসার ইউসুফ, জামায়াত নেতা ইমতিয়াজ হোসেন বকুল, জসিম, রতন মাস্টার, শাজাহান, আলম, সিরাজ, হামিদসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় ঘাগটিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আমিন উদ্দিন মোল্লা (৬০), জালাল উদ্দিন (৫০), আবুল কাশেম (১৮), মোশারফ (৫০), মিজানুর রহমান (২০), মাসুদুর রহমানকে (৪৩) গ্রেফতার করা হয়।
অপরদিকে কাপাসিয়া শহরে আওয়ামী লীগ হরতাল বিরোধী মিছিল করেছে। উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, বিক্ষোভ মিছিলে বাধা দিলে জামায়াত শিবির পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড গুলি ছুড়ি এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে।