নওয়াজের হুমকি

রাজপথ থেকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে এক মাসের কিছু বেশি সময় ধরে বিক্ষোভ করছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) দলের কর্মী-সমর্থকেরা। টেলিভিশনে গতকাল বুধবার সম্প্রচারিত এক বক্তব্যে নওয়াজ বলেন, ‘এখন পর্যন্ত আমরা সব সহ্য করেছি এবং ধৈর্য ও শালীনতা বজায় রেখেছি। নইলে রাজপথে অবস্থানকারীদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলাটা আমাদের জন্য মোটেও কঠিন কাজ নয়।’ বিক্ষোভ দমনে সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আন্দোলনকারী বিরোধী নেতারা তাদের হাজারো সমর্থকের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে হত্যাকাণ্ডের অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার এ খবর নিশ্চিত করে। বিক্ষোভ চলাকালে গত ৩০ আগস্ট রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। রয়টার্স