হিন্দুধর্মালম্বীদের কাছে বানর দেবতা হনুমানতুল্য। অযত্নে অবহেলায় গ্রামের মন্দিরে বসবাসকারী ওই বানরের মৃত্যু এলাকায় আপদ ডেকে আনতে পারে বলে শঙ্কা হয় তাদের। এহেন বানর কি না কুকুরের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা পড়ল! প্রায় পনের দিন আগে ভারতের মধ্যপ্রদেশের দাকাছিয়া গ্রামের মন্দিরের একটি বানর এভাবে মারা যায়। বুধবার বিবিসির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বানরের মৃত্যু শোকে মাথা ন্যাড়া করেছে ভারতের দাকাছিয়া গ্রামের প্রায় দুইশ হিন্দু ধর্মাবলম্বী।
“গ্রামের প্রবীণরা বলেন, এভাবে গ্রামের পাশে অযত্নে বানর মরে থাকাটা দুর্ভাগ্যের লক্ষণ। এ ঘটনা গ্রামে অলক্ষ্মী নিয়ে আসতে পারে, প্রকৃতিক দুর্যোগ হতে পারে।”
বিপদ থেকে মুক্তির জন্য গ্রামবাসী বানরের অন্তোষ্টিক্রিয়ার আয়োজন করে। হিন্দু রীতিতে শেষকৃত্যের পর প্রায় ৭০০ গ্রামবাসী দাড়ি কেটে ফেলে। এছাড়া, মাথা ন্যাড়া করে আরে দুইশ’ জন। পবিত্র প্রাণী বানরের প্রতি শ্রদ্ধা দেখাতে ভারতজুড়ে আছে ‘হনুমান মন্দির’ নামের অনেক মন্দির। হনুমান বা বানরের উপাসনা করলে বিপদ ও ভয় থেকে মুক্তি মেলে বলে হিন্দুদের বিশ্বাস। আশু বিপদ থেকে রক্ষা পেতে ধর্মীয় রীতিতে বানরের অন্ত্যষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। বানরটি দাহ্য করার পর দেহভস্ম ফেলা হয় গঙ্গায়।