চাঁদা আদায় নিয়ে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের যমুনা নদীতে বালুমহালে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

সদর উপজেলা কাওয়াখোলা ইউনিয়ন ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সীমান্তবর্তী চরাঞ্চলের কৈগাড়ি দোড়তা এলাকায় গতকাল বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুরের আসাদুলের দল ও কদ্দুছের দল বালু শ্রমিকদের কাছ থেকে বালু তোলার নৌকাপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা চাঁদা নিয়ে থাকে। গতকাল ভোর চারটার দিকে দুই পক্ষই সেখানে চাঁদা তুলতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। তাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে বালু শ্রমিক আবদুল কদ্দুস (২৮) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি মেঘারপটল গ্রামে। ঘটনায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম জানান, কোনো পক্ষই মামলা করতে আসেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।