রংপুরে ধর্মঘট প্রত্যাহার

রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল প্রত্যাহার করে নিয়েছে। ঢাকা বাস চলাচল গতকাল বুধবার দুপুর থেকে পুনরায় শুরু হয়েছে। শহরের কামারপাড়ার ঢাকা বাসস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এ মজিদ জানান, আগামী শনিবারের মধ্যে ক্ষতিপূরণের দাবি মেনে না নিলে পরে বিভাগের আট জেলাতেই ধর্মঘট ডাকা হবে। ৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়ন ও মোটর মালিক সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর হয়। যার ক্ষতিপূরণ না পেয়ে এ ধর্মঘট ডাকা হয়।